ওসমান হাদিকে স্মরণ করে যা বললেন তারেক রহমান
ওসমান হাদিকে স্মরণ করে যা বললেন তারেক রহমান
শহীদ শরিফ ওসমান হাদির অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “কয়েকদিন আগেই ওসমান শহীদ হয়েছেন। ওসমান হাদি চেয়েছিলেন—এ দেশের মানুষ তাদের অর্থনৈতিক অধিকার ফিরে পাক।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন এবং ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন—তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, আজ দেশের সামনে সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। “এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ বাস করেন। সবাইকে নিয়েই আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “একাত্তরে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।” তিনি আরও বলেন, আজ দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, ফিরে পেতে চায় তাদের গণতান্ত্রিক অধিকার।
তারেক রহমান বলেন, তরুণ প্রজন্মই ভবিষ্যতে দেশ গড়ে তুলবে। এজন্য গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর রাষ্ট্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ভাষণের একপর্যায়ে পরপর তিনবার তিনি বলেন, “আমরা দেশের শান্তি চাই।”

Comments
Post a Comment